সীমান্তে নজরদারি রয়েছে, তৎপর রয়েছে বিজিবি ও কোস্ট গার্ড। তারপরও থামছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। বরং নতুন করে বাড়ছে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের ঘটনা। দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে আসছে নারী-শিশুসহ রোহিঙ্গা পরিবার। পরে তারা আশ্রয় নিচ্ছে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়স্বজনের ঘরে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে মিয়ানমারের বুচিডং টাউনশিপ থেকে তিন পরিবারের ১৬ জন রোহিঙ্গা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরিবারপ্রতি ৩০ হাজার টাকা দেয়ার বিনিময়ে দালালের মাধ্যমে তারা সীমান্ত পেরিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। পরে তাদের সবাই উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৮ ব্লকে আত্মীয়স্বজনের আশ্রয়ে উঠেছে। এর মাত্র দুইদিন আগে একই ক্যাম্পে আশ্রয় নিয়েছিল আরও দুই পরিবারের সাত সদস্য। সব মিলিয়ে ২৪ ও ২৬শে নভেম্বর দুইদিনে ২৩ জন রোহিঙ্গার নতুন করে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ আসা তিন পরিবারের ১৬ জনের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুও রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র এক বছর। প্রথম পরিবারে রয়েছেন ফাতেমা (৫৫) এবং দুই কিশোর ফয়েজ উল্লাহ (১৫) ও আতাউল্লাহ (১৩)। তারা ক্যাম্প-১৯ এর এ/৮ ব্লকে বসবাসকারী মোহাম্মদ জুবায়েরের আশ্রয়ে উঠেছেন। দ্বিতীয় পরিবারে রয়েছেন ওয়ারিস বেগম (৪০), হারিস (১৬), হামিমা (১৪), কিসমত আরা (১২), মো. আনাস (৭) ও জেসমিন সাদিয়া (২)। তারাও একই ব্লকে বসবাসকারী জুবায়েরের আশ্রয়ে অবস্থান নিয়েছেন। তৃতীয় পরিবারে রয়েছেন সমিদা বেগম (৩৫), রফিকা (১৯), ইয়াসমিন ফাতেমা (১০), নূর ফাতেমা (৭), জানুকা (৪), মো. ওমর (৩) ও মো. আমির (১)। তারা একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের আশ্রয়ে উঠেছেন বলে ক্যাম্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, তিন পরিবারের প্রত্যেকটি ৩০ হাজার টাকা করে দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছে। সে হিসাবে তিন পরিবার থেকে ৯০ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে টাকা কার মাধ্যমে দেয়া হয়েছে, সীমান্তের কোন্ পথ ব্যবহার করে তাদের বাংলাদেশে আনা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয় কোনো সহযোগী জড়িত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২৪শে নভেম্বর সন্ধ্যায় মিয়ানমারের বুথিডং টাউনশিপ থেকে দুই পরিবারের সাতজন দালালের মাধ্যমে ৩৫ লাখ কিয়াটের বিনিময়ে টেকনাফের শাহ্পরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুও ছিল। পরে তারা উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়-স্বজনের আশ্রয়ে ওঠে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে একই ক্যাম্পে আরও ১৬ জনের প্রবেশের ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি সামনে এসেছে।
গত ২৭ থেকে ২৯শে অক্টোবর টানা তিন দিনে মিয়ানমারের বুথিডং এলাকা থেকে অন্তত ৫৫ জন রোহিঙ্গা দালালের সহায়তায় বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার কুতুপালং ১ নম্বর পূর্ব ক্যাম্পে আশ্রয় নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এরপর ৯ই নভেম্বর টেকনাফের হাবিবছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। স্থানীয় সূত্রের দাবি, মাছ ধরার নৌকায় করে নাফ নদী ও বঙ্গোপসাগর পেরিয়ে দালালের মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল। তাদের একটি অংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ছাড়া নভেম্বরের মাঝামাঝি মিয়ানমারের বুথিডং ও ভারত থেকে আসা আরও কয়েকজন রোহিঙ্গার উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়ার তথ্য পাওয়া যায়।
একদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে, অন্যদিকে অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে একের পর এক পরিবার সীমান্ত পেরিয়ে সরাসরি ক্যাম্পে পৌঁছে যাচ্ছে। বিশেষ করে নতুন আগতদের ক্যাম্পের ভেতরে আত্মীয়স্বজনের আশ্রয়ে অবস্থান নেয়ার বিষয়টি ক্যাম্প ব্যবস্থাপনা, নিবন্ধন ও নিরাপত্তা নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
