১ কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে ৫ কিলোমিটার। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের উপরের ব্রিজটি ভেঙে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ। ভেঙে পড়ার ৫ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি ব্রিজটি পুনঃনির্মাণের কাজ। বর্তমানে ভাঙা ব্রিজটির উপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পার হচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের উপর ব্রিজটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজটি দিয়ে স্থানীয় বাসিন্দারা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।
তবে চলতি বছরের ২৩শে জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে নিহত হন চালক, আহত হন হেলপার। দুর্ঘটনার পর থেকে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে যাতায়াতের সুবিধার্থে স্থানীয়রা ভাঙা অংশে সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো বানিয়ে তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হচ্ছেন মানুষজন। তবে কোনো যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার। স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় এক কিলোমিটারের পথ যেতে এখন পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না।
ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা আগে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে এমন দুর্ঘটনা ঘটতো না। এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এজন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি পুনঃনির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় থাকলেও এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্যও প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পুনঃনির্মাণ কাজ শুরু করা হবে।
