কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ফুরফুরে মেজাজে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থকরাও। কয়েক দফা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন। চাঙ্গাভাব পরিলক্ষিত হয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবিরে। নিয়মিত সভা-সমাবেশ, বিক্ষোভ করে আওয়ামী নৈরাজ্য ঠেকাতে তৎপর রয়েছেন তারা। রাতেও মোটর শোভাযাত্রা করছে ইসলামী ছাত্রশিবির। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, সভা-সমাবেশ করছেন সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসব অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর এমন রাজনৈতিক তৎপরতায় বিয়ানীবাজারে বড় ধরনের কোনো কর্মসূচি পালন করতে পারছে না নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠন। গত ১৯শে নভেম্বরের লকডাউনেও কোনো সাড়া দেননি স্থানীয় জনগণ। কেবলমাত্র চারখাইয়ে ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানোর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আহমদ রেজা জানান, আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছি। বিয়ানীবাজার জামায়াতে ইসলামীর এসিসট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন বলেন, জামায়াত-শিবির সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে নৈরাজ্য দমনে তৎপর রয়েছে। আমরা অন্যায়ভাবে কাউকে দমাতে চাই না। তবে নৈরাজ্য করলে জবাব দেয়া হবে। অপরদিকে উপজেলার বিস্তৃর্ণ সীমান্ত এলাকায় বিজিবি, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।
