স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু করলো কেন্দ্রীয় ব্যাংক

স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু করলো কেন্দ্রীয় ব্যাংক

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম ‘সুইফট’ এর পাশাপাশি স্থানীয় এলসিতে এখন থেকে দেশীয় প্রযুক্তি নির্ভর নতুন ব্যবস্থা ‘বার্তা’ চালু করলো বাংলাদেশ ব্যাংক। এতে খরচ কমার পাশাপাশি জালিয়াতি কমে স্বচ্ছতা বাড়বে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ী নেতারা লেনদেনের খরচ কমাতে ও বাণিজ্যিক কার্যক্রম সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় এলসি নিষ্পত্তির জন্য ‘বার্তা’ নামের নতুন প্লাটফর্মের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন। নতুন প্লাটফর্মের ফলে বছরে অন্তত ৬ মিলিয়ন ডলারের খরচ কমবে বলে জানানো হয়। এ উদ্যোগকে কেবল প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে পুরোপুরি ডিজিটাল লেনদেন ব্যবস্থায় রূপান্তর এবং আন্তর্জাতিক ঋণপত্র (এলসি) খোলা ও গ্রহণে এটিকে নেয়ার দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের সে লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি আপাতদৃষ্টিতে সাশ্রয়ী বা ক্ষুদ্র মনে হলেও এর পেছনের আত্মবিশ্বাস ও কার্যকর পদক্ষেপ নেয়ার মূল্য অনেক বেশি। আমার মতে, এর মূল্য ৬ মিলিয়ন ডলারের চেয়েও বেশি।’ সামনের দিনে এই উদ্যোগের সফল বাস্তবায়ন আরও বড় সংস্কারমূলক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ঋণপত্রের ক্ষেত্রেও এমন ব্যবস্থা চালু করা গেলে কোন পণ্য কী দামে আমদানি বা রপ্তানি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা অনেক সহজ হতো।’ ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেন মাধ্যম ‘সুইফট’-এর পাশাপাশি ‘বার্তা’র মাধ্যমেও আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান ও যাচাই-বাছাই সহজ হবে এবং অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ডলার বেচাকেনার জন্য আগামী এক মাসের মধ্যে আলাদা একটা অটোমেটেড ওয়েববেসড পদ্ধতি চালু করা হচ্ছে। এখানে বিক্রেতা কে, ক্রেতা কে কেউ জানবে না। ফলে বাজার ম্যানুপুলেশনের কোনো সুযোগ থাকবে না।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসায়ীদের ব্যয় কমানোর এই উদ্যোগের ফলে স্থানীয় ঋণপত্র করার ক্ষেত্রে প্রতিটি ঋণপত্রে ১ হাজার ৫০০ টাকা করে যে খরচ হতো, তা সাশ্রয় হবে।

চামড়া ও পাদুকা খাতের ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মনজুর বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বাণিজ্যের গতি বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘বার্তা’ উদ্যোগটি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি, তবে এটি যেন ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় পরিণত হয়—সেই প্রত্যাশা করছি।