‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের সতর্কবার্তা

‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের সতর্কবার্তা

ফন্ট সাইজ:

ইরাক যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ারে’ পরিণত না হয়, সে বিষয়ে বাগদাদকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা। শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করে ট্রাম্পের দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ট্রাম্প ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করে বলেছেন, ইরাক থেকে তেল পাচার বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় তিনি কাজ করছেন।
এর আগে তেল পাচারের অভিযোগের তদন্তের পর বুধবার ইরাকি সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। এসব সীমান্ত ক্রসিং এত দিন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রশাসনের অধীনে পরিচালিত হতো।

এ পরিস্থিতিতে এক্সে দেয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগ করে নেয়া ইরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি।

তিনি বলেন, ‘সবচেয়ে অন্ধকার দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’

মোখবার আরও বলেন, ‘এই অবিচ্ছেদ্য সম্পর্কের স্বার্থেই সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে, যাতে তারা ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং অপরাধী ট্রাম্পের নীতি বাস্তবায়নের উপকরণ হয়ে না ওঠে।’