বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে জানা গেল মুশফিকুর রহীমের বিদায়ের বার্তা। আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি খেলেই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। সাধারণত ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা খেলোয়াড়েরা নিজেরাই দিয়ে থাকেন। তবে এবার দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র—মুশফিকের অবসরের আনুষ্ঠানিক ঘোষণাটি দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
কেন মুশফিকের বিদায়ের ঘোষণা বোর্ড সভাপতিকে দিতে হলো, সেই ব্যাখ্যায় তামিম ইকবাল বলেন, ‘মুশফিকের অনুরোধে... সে আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে, তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ ও শিশুদের জন্য একজন অসাধারণ দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’
মুশফিক শুধু তামিমের সাবেক সতীর্থই নন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুও। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টির বেশি টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটার কয়েক দিন আগেই তামিমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এ প্রসঙ্গে তামিম সাংবাদিকদের বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানায়। এরপর থেকে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথ মর্যাদার সঙ্গে হোক।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিকুর রহিম ১০৮ ম্যাচে ৭,০৬২ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একমাত্র তিনিই সাদা পোশাকে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার গৌরব অর্জন করেছেন।
