তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদোর মহামিলনের অপেক্ষা

তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদোর মহামিলনের অপেক্ষা

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একই মঞ্চে দেখার অপেক্ষায় কোটি কোটি ভক্ত। এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। নিজের বিদায়ী ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন সাবেক এই স্ট্রাইকার। সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে ডিসেম্বর বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে দেখা যেতে পারে ফুটবলের দুই মহাতারকাকে।
তেভেজের বিদায়ী ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি।

আয়োজকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এই বিশেষ ম্যাচে অংশ নেবেন। তবে মেসির উপস্থিতি নিশ্চিত হলেও রোনালদোর অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। তেভেজের আশা, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থকেও আর্জেন্টিনায় নিয়ে আসতে পারবেন তিনি।

গত বছরই নিজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে দুই বিপরীত দলে খেলানোর ইচ্ছার কথা জানান ৪২ বছর বয়সী তেভেজ। তবে দুই তারকাকে একই দলের জার্সিতে দেখার স্বপ্নও রয়েছে তার। বাস্তবে এমন কিছু হলে ফুটবলপ্রেমীদের জন্য তা হবে বিশেষ এক মুহূর্ত। রোনালদোকে আর্জেন্টিনায় আনার পরিকল্পনা নিয়ে তেভেজ বলেন, ‘এটি দারুণ হবে। তবে আমরা বড়জোর ২০ মিনিট খেলবো। এরপর আর সেখানে থাকতে পারবো না। ক্যামেরা নিয়ে খেলতে যাবো, তারপর চলে আসবো।’

মেসি ও রোনালদো সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হন ২০২০ সালে। সেবার মেসি বার্সেলোনার জার্সিতে এবং রোনালদো জুভেন্টাসের হয়ে মাঠে নামেন। উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় কাতালান ক্লাবটি, গোল পান মেসিও।

এরপর ২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মেসি এবং রিয়াদ সিজন একাদশের হয়ে রোনালদো একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন। সেই ম্যাচের পর আবারো একই মাঠে দুই কিংবদন্তিকে দেখার সুযোগ তৈরি হতে পারে।

তেভেজের বিদায়ী আয়োজনে মেসি ছাড়াও রিও ফার্ডিনান্ড, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালার্মোর মতো তারকাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

২০শে ডিসেম্বরের মূল ম্যাচের বাইরেও অতিথিদের জন্য বিশেষ পরিকল্পনা রেখেছেন তেভেজ। ১৮ই ডিসেম্বর মেসি-রোনালদোসহ অতিথিদের নিয়ে নিজের শৈশবের এলাকা ফুয়ের্তে আপাচেতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ইচ্ছা তার। যে এলাকা থেকে উঠে এসে ‘আপাচে’ নামে তিনি পরিচিতি পেয়েছেন, সেই শিকড়ের সঙ্গে বিশ্বতারকাদের পরিচয় করিয়ে দিতে চান সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।