ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির দুঃসময় যেন কাটছেই না। একের পর এক হারে চাপে পড়েছেন কোচ জাবি আলোনসো। শুক্রবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ৩-২ গোলে হেরে টানা তৃতীয় লীগ পরাজয়ের তেঁতো স্বাদ পেয়েছে লন্ডনের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি চেলসির চতুর্থ হার। ম্যাচ শেষে আলোনসোর কণ্ঠে ছিল হতাশা, তবে এখনই হাল ছাড়ছেন না ব্লু বস।
ইগর জেসুসের দুর্দান্ত গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নটিংহ্যাম। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরগান গিবস-হোয়াইট। পেদ্রো নেতোর শটের পর পাওয়া বলে এমানুয়েল এমেগার গোলে একবার লড়াইয়ে ফেরে চেলসি। তবে ৭২ মিনিটে গিবস-হোয়াইট নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের জয় কার্যত নিশ্চিত করেন। ৮৯ মিনিটে এমেগার দ্বিতীয় গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি চেলসি।
ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘এটি ক্লাবের সবার জন্যই কঠিন সময়— দল, সমর্থক, প্রত্যেকের জন্য। আবারো হারতে হলো, যা হতাশাজনক। তবে আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। থেমে গেলে চলবে না।’ চেলসির সমস্যার জায়গা হিসেবে আত্মবিশ্বাসের ঘাটতির কথা তুলে ধরেছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। ২-১ ব্যবধানে ফেরার পর দলের মধ্যে কিছুটা উদ্দীপনা তৈরি হয়। কিন্তু এরপরই আমরা ৩-১ গোলে পিছিয়ে পড়ি। কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। এর দায় আমাদেরই, আবার সমাধান খুঁজে বের করার দায়িত্বও আমাদের।’ রক্ষণভাগের দুর্বলতা নিয়েও রাখঢাক করেননি আলোনসো। তার স্বীকারোক্তি, ‘আমরা আরও ভালো করতে পারি, অবশ্যই পারি। এই পর্যায়ের ফুটবলে এত বেশি গোল হজম করলে ম্যাচ জেতা সম্ভব নয়।’
ম্যাচে আলোচনায় ছিলেন ওয়েসলি ফোফানাও। সমর্থকদের দুয়ো শুনে মাঠে নামা এই ফরাসি ডিফেন্ডার পেনাল্টি উপহার দেয়ার পর তাকে তুলে নেয়া হয়। ফোফানাকে একা দায়ী করতে নারাজ আলোনসো। চেলসি বস আরও বলেন, ‘দলের প্রত্যেককে আমাদের সমর্থন দিতে হবে। কাউকে আলাদা করে দূরে সরিয়ে দেয়ার সুযোগ নেই। কঠিন সময় একসঙ্গেই পার করতে হবে।’
অষ্টম স্থানে থাকা চেলসি সপ্তাহান্তের অন্য ম্যাচগুলোর ফল অনুযায়ী আরও নিচে নেমে যেতে পারে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার চেলসির বিপক্ষেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অলিভার গ্লাসনারের নটিংহ্যাম।
