বিদায়ের পর ৩০-৪০ রান কম করার আক্ষেপ সাইফের

এশিয়া কাপ রাইজিং স্টার্স (৫০ ওভার)

বিদায়ের পর ৩০-৪০ রান কম করার আক্ষেপ সাইফের

ফন্ট সাইজ:

শাহাদাত হোসেনের দুর্দান্ত এক সেঞ্চুরিও দলকে ফাইনালে তুলতে পারলো না। পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ রাইজিং স্টার্স (৫০ ওভার) টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশ ‘এ’ দলকে। হারের পর অধিনায়ক সাইফ হাসানের কণ্ঠে ছিল আক্ষেপ। তার মতে, স্কোরবোর্ডে আরও ৩০ থেকে ৪০ রান যোগ করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। তবে দলের লড়াকু মানসিকতা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেছেন সাইফ।

ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে একপ্রান্ত আগলে রেখে ১১৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শাহাদাত। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে তার ৯৫ রানের জুটি এবং শেষ দিকে রিপন মন্ডলের সঙ্গে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

ম্যাচ শেষে সাইফ বলেন, ‘আমার মনে হয়, আমরা ৩০ থেকে ৪০ রান কম করেছি। তবে ছেলেরা হাল ছাড়েনি, শেষ পর্যন্ত লড়াই করেছে। তারা ব্যাট হাতে বেশ ভালো করেছে। আরও ৩০-৪০ রান যোগ করতে পারলে বোলারদের জন্য কাজটা হয়তো সহজ হয়ে যেত।’

ব্যাটিংয়ে ব্যক্তিগত নৈপুণ্য থাকলেও দলীয় সংগ্রহকে যথেষ্ট মনে হয়নি অধিনায়কের। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন কয়েকজন ক্রিকেটারকে একাদশে অন্তর্ভুক্ত করার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। সাইফের মতে, নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়ার সিদ্ধান্তের পাশাপাশি যারা দলে এসেছেন, তারাও নিজেদের দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন।

সাইফ বলেন, ‘অবশ্যই, নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা সহজ ছিল না। তবে যারা বিকল্প হিসেবে দলে এসেছে, তারাও নিজেদের দায়িত্ব পালন করেছে। দীপু (শাহাদাত) দারুণ খেলেছে।’ শাহাদাতের সেঞ্চুরির প্রশংসা করার পাশাপাশি দলের অন্যদের অবদানও ইতিবাচকভাবে দেখছেন সাইফ। তার মতে, ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছেন।

শুরুতে রিপন মন্ডলের জোড়া আঘাতে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেয়ায় কিছুটা আশাও তৈরি হয় বাংলাদেশের ড্রেসিংরুমে। কিন্তু হাসান নাওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি এবং পরে আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের কার্যকর ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সামগ্রিক পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক। ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় জানিয়ে সাইফ বলেন, ‘ব্যাটিংয়ে আজ কয়েকজন খেলোয়াড় অবদান রেখেছে। দীপু খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে পরবর্তী আসরগুলোতে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবো।’

গত বছর টি-টোয়েন্টি সংস্করণের আসরে পাকিস্তান ‘এ’ দলের কাছে ফাইনালে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। এবারো একই প্রতিপক্ষের কাছে সেমিফাইনালে বিদায় নিতে হলো তাদের। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দল।