ইংল্যান্ডে যাচ্ছেন হাসান মাহমুদ

অপেক্ষা বাড়ছে নাহিদ রানার

ইংল্যান্ডে যাচ্ছেন হাসান মাহমুদ

ফন্ট সাইজ:

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার কথা ছিল পেসার নাহিদ রানার। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নাহিদের ফেরার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না নাহিদ রানা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা।

পরবর্তীতে পরীক্ষা করানো হলে রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। তাই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শারীরিক দুর্বলতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।’ আগামী ৩০শে নভেম্বর তার বোলিং ফিটনেস পরীক্ষা দেয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না এই গতি তারকার। নাহিদ রানার জন্য এই অসুস্থতা যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে চোটের সঙ্গে লড়ছেন এই পেসার। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান এই পেসার। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে পারেননি তিনি। পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে নিতম্বের নতুন চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। এরপর কাঁধের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা হয়নি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত পুনর্বাসন ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে দেশে ফিরেছিলেন তিনি। মিরপুরে নেটে পুরোদমে বোলিংও শুরু করেছিলেন। টিম ম্যানেজমেন্ট টি-টোয়েন্টি দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আশা রাখলেও সেটি সহসা আর হচ্ছে না।

এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের পেস আক্রমণে আরেকটি বড় ধাক্কা হাসান মাহমুদের চোট। জোহানেসবার্গে প্রথম টেস্টে ব্যথা নিয়ে খেলেও চার উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি পেসার। তবে ডান হাতের কনুইয়ের পুরোনো ‘টেনিস এলবো’ চোট নতুন করে মাথাচাড়া দেয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন হাসান। বিসিবি সূত্রে জানা গেছে, কনুইয়ের এই জটিল ও দীর্ঘমেয়াদি চোটের অধিকতর চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ইংল্যান্ডে যাচ্ছেন হাসান মাহমুদ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ইংল্যান্ডের ভিসার অপেক্ষায় রয়েছেন। হাসানের এই ইংল্যান্ড সফরের যাবতীয় ব্যবস্থা করে দিচ্ছে ইংলিশ কাউন্টি দল কেন্ট।

গত মৌসুমে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ বোলিং করে দলটিকে ডিভিশন ওয়ানে প্রমোশন এনে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। ক্লাবটির কর্মকর্তারা এই বাংলাদেশি পেসারের চোট নিয়ে উদ্বিগ্ন। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেই ইংল্যান্ডে উড়াল দেবেন হাসান, যেখানে কেন্টের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।