আইপিএল নিলামকে ‘না’ বললেন কেন মোস্তাফিজ

আইপিএল নিলামকে ‘না’ বললেন কেন মোস্তাফিজ

ফন্ট সাইজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মিনি নিলামে ‘হট কেক’ হতে পারতেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টসের বিশ্লেষণে আকাশ চোপড়া বলেছিলেন বাংলাদেশি এ পেসারকে নিয়ে দরকষাকষি করতে পারে দু-তিনটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু নাম সরিয়ে নিয়েছেন মোস্তাফিজ। আগামী মৌসুমকে সামনে রেখে মিনি নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করলেও সেখানে ফিজের নাম নেই। শুরুতে নিবন্ধন করলেও শেষ মুহূর্তে নিলাম থেকে নাম সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই পেসার। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি, দেশের সমর্থকদের সম্ভাব্য সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজ। আইপিএলে নাম নিবন্ধন করায় পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসন্ন আসরে বাংলাদেশি এ পেসারকে দেখার সম্ভবনা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিলামে অবিক্রিত থেকে যাওয়া কিংবা গত বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন মোস্তাফিজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত আসরের ঘটনাটি এখনো মোস্তাফিজের মনে গভীর দাগ কেটে আছে। তিনি আশঙ্কা করছেন, নিলামে দল না পেলে বা কোনো কারণে আবারও বাদ পড়লে দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে পারেন। এমনকি সমর্থকদের একাংশ তাকে ‘অর্থলোভী’ বলেও আখ্যা দিতে পারেন— এই ভাবনা থেকেই তিনি মিনি নিলামে না থাকার সিদ্ধান্ত নেন মোস্তাফিজ। ২০২৫ আইপিএলে অবিক্রিত থাকার পর মাঝপথে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান মোস্তাফিজ। এরপর ২০২৬ সালের মিনি নিলামে তাকে নিয়ে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দরকষাকষি হয়। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা। নিলামে চড়া দামে বিক্রি হয়েও মাঠে নামা হয়নি মোস্তাফিজের। রাজনৈতিক কারণ ও নিরাপত্তার অজুহাত দেখিয়ে আইপিএল কর্তৃপক্ষ তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। কোনো ম্যাচ না খেলা মোস্তাফিজকে আসন্ন নিলামের আগে আনুষ্ঠানিকভাবে ছেড়ে (রিলিজ) দেয় কলকাতা নাইট রাইডার্স।

ফলে দলটির তহবিলে যোগ হয়েছে ৯ কোটি ২০ লাখ রুপি। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া কলকাতাকে আবারও মোস্তাফিজকে দলে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে নিলামে নাম না থাকায় এবার আর কোনো ফ্র্যাঞ্চাইজিরই তাকে নেওয়ার সুযোগ থাকছে না। আইপিএলে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোর সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। আইপিএলের একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। গত বছর লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতানো এই পেসারকে এবারও পাকিস্তানের এই লীগে দেখা যেতে পারে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজ।

২০১৬ সালে আইপিএলে অভিষেক আসরেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান তিনি, যা এখন পর্যন্ত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছেন তিনি। এই বাঁহাতি পেসার আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন। আইপিএলের নিলামে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে (বিবিএল) খেলতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন।