ব্রাজিল ফুটবলের ঐতিহ্য, প্রতিভা কিংবা ইতিহাস— কোনোটিই এখন আর বিশ্বকাপ জয়ের নিশ্চয়তা দিতে পারছে না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান দল নিয়ে এবার সরাসরিই হতাশা প্রকাশ করলেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, বর্তমান ব্রাজিল দল যথেষ্ট শক্তিশালী নয়, খেলোয়াড়দের মধ্যে নেই প্রয়োজনীয় ঐক্যও। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার আগে নিজেদের ফুটবলীয় পরিচয় ফিরে পাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ।
গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে ব্রাজিলের বর্তমান অবস্থার কঠোর মূল্যায়ন করেন রোনালদো। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে তুলনা টেনে তার কণ্ঠে ফুটে ওঠে হতাশা। মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও দলীয় সংহতি দেখে ব্রাজিলিয়ানদের কষ্ট পাওয়াটা স্বাভাবিক বলেও মনে করেন তিনি। রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপিয়ান খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশের ফুটবলারদের মধ্যে নিজেদের প্রতিভার ওপর অসাধারণ আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপিয়ানরা আরও শক্তিশালী, দ্রুতগতির, বেশি গোছানো এবং ভালো ফুটবল খেলছে।’
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও রাখঢাক করেননি ২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। তিনি সরাসরি মন্তব্য করেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, খেলোয়াড়দের মধ্যে ঐক্যও নেই।’
রোনালদোর এই বক্তব্য ব্রাজিল ফুটবলের দীর্ঘদিনের একটি সমস্যাকে সামনে নিয়ে এসেছে। ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতার জন্য পরিচিত সেলেসাওরা এখন দলীয় সমন্বয়, শারীরিক সক্ষমতা এবং কৌশলগত সংগঠনে ইউরোপের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে— এমনটাই তার পর্যবেক্ষণ।
শুধু প্রতিভার ওপর নির্ভর করে আধুনিক ফুটবলে শীর্ষে থাকা সম্ভব নয়। প্রয়োজন শৃঙ্খলা, ঐক্য এবং সম্মিলিত লড়াইয়ের মানসিকতা। রোনালদোর মতে, ব্রাজিলকে আবার বিশ্বকাপের দাবিদার হয়ে উঠতে হলে এই জায়গাগুলোতেই পরিবর্তন আনতে হবে।
