ভারতে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত হাইকমিশনার) হিসেবে মোয়াজ্জম আলীকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে পাকিস্তানের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচের কূটনৈতিক দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোয়াজ্জম আলী। বর্তমানে তিনি সৌদি আরবের রিয়াদে পাকিস্তান দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, সাদ আহমেদ ওয়ারাইচকে আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে (ফরেন অফিস) গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।
এর আগে ভারতের দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করায় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিকের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুসাদ্দিক মালিক। এ সময় এসসিওর ‘সভ্যতাবিষয়ক সংলাপে’ পাকিস্তানের অবস্থান ও বক্তব্য তুলে ধরায় তাকে অভিনন্দন জানান শেহবাজ।
তিনি বলেন, সংলাপে মুসাদ্দিক মালিক অত্যন্ত দক্ষতার সঙ্গে পাকিস্তানের ইতিহাস ও বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন। উর্দু ভাষায় তার বাগ্মিতা ও সাবলীল বক্তব্যেরও প্রশংসা করেন তিনি।
শেহবাজ শরিফ আরও বলেন, ধৈর্য ও বুদ্ধিবৃত্তিক স্বচ্ছতার মাধ্যমে আঞ্চলিক পরিমণ্ডলে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে মুসাদ্দিক মালিক কূটনীতিতে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।
