সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ অনুযায়ী সাব-কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে। শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়। চার সদস্যের সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন দাখিলের জন্যই ওই কমিটি গঠন করা হয়েছে। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। ইতিপূর্বে রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের অনুমিত হিসাব সংরক্ষণ কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। নির্বাচনী এলাকার প্রত্যাশা ও স্বপ্ন পূরণে সাধারণ মানুষ তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
বিএনপি ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসার ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য গত ১৩ই এপ্রিল দুই মন্ত্রণালয়ের মন্ত্রীকে ডিওর মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। এ ছাড়াও যোগাযোগব্যবস্থার উন্নয়নে এলজিইডি’র কোড নম্বরের সকল রাস্তা, যা আগামী দিনে তৈরি বা সংস্কার করা প্রয়োজন, তার নিমিত্তে ২০০ কোটি টাকা ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য ডিও প্রেরণ করেন। দুর্যোগপূর্ণ কাজীর বাজার থেকে মারকুলী সড়ক এবং ইনাতগঞ্জ সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ নির্মাণে ৪৯ কোটি টাকার উন্নয়নকাজ দ্রুততম সময়ের মধ্যে শুরুর উদ্যোগ নেন। গত মঙ্গলবার থেকে টেন্ডার প্রক্রিয়ায় প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দৃশ্যমান কাজ শুরু করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের টিআর/কাবিখা/কাবিটা প্রকল্পের জন্য জুন-২০২৬ পর্যন্ত বরাদ্দকৃত প্রায় ৪ কোটি টাকার অধিক বণ্টন করা হয়েছে।
চলতি অর্থবছরে মাত্র ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের দাবি, বিগত নির্বাচনে সাধারণ ভোটারগণ ড. রেজা কিবরিয়া বিজয়ী হলেই মন্ত্রী হবেন। নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এমন ধারণা থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে রেজা কিবরিয়াকে বিপুল ভোটে বিজয়ী করেন। নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করলেও মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন তিনি।
