ময়মনসিংহের তারাকান্দায় নাশকতার প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার রামপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আটটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল্লাহ আল-রবিন (২১), জীবন মিয়া (২৬), আলামিন (৩২), নূর আলম (৩৩), জহিরুল ইসলাম (২৮), সেলিম (২৫), আব্দুল কাদির ও বিলাল (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানা যায় রামপুর বাজার এলাকায় নাশকতার উদ্দেশ্যে যুবলীগ নেতা সাইদুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী জড়ো হওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
