চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় সংগঠনটির ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর লালদীঘি মসজিদ থেকে বের হয়ে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে সিনেমা প্যালেস এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হন। সেখান থেকে তারা মিছিল বের করার প্রস্তুতি নেন। বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ।
পাশাপাশি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও সেখানে ছিলেন। মিছিল শুরুর চেষ্টা করতেই পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন গলিতে আশ্রয় নেন। পরে এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান জানান, পুলিশের আগাম অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
