ট্রেনে কাটা পড়ে ১০ টুকরো হওয়া যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সান্তাহার ইউনিয়নের হেলালিয়া রেলস্টেশন থেকে তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রায় ১০টি টুকরো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন গাইবান্ধার সাঘাটা উপজেলা সদর এলাকার মৃত মোজাম্মেল হক মোজামের ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে সম্প্রতি দেশে ফিরেছিলেন লিটন। দেশে ফেরার অল্প কিছুদিনের মধ্যেই বিয়েও করেন তিনি। শুক্রবার ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে যাত্রা করেন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তিনি হেলালিয়া রেলস্টেশনে যান। সেখানে প্ল্যাটফরমের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহের খণ্ডিত অংশ সংগ্রহ করেন। এ সময় ঘটনাস্থলে নিহতের একটি মুঠোফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সান্তাহার রেলওয়ে থানায় ছুটে আসেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, কীভাবে তার এমন মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।