২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার বহুল আলোচিত বল টেম্পারিং কাণ্ড আবারো আলোচনায়। ঘটনার আট বছর পর সংশ্লিষ্ট ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা শুনতে ছয় সপ্তাহের স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ব্যক্তিগত সাক্ষ্য বা জবানবন্দি সরাসরি দেখার সুযোগ পাবে না বোর্ড।
অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড। সেই ঘটনার প্রকৃত চিত্র, দলের অভ্যন্তরীণ সংস্কৃতি এবং তদন্তপ্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এবার সংশ্লিষ্টদের কথা শুনতে এই উদ্যোগী হয়েছে সিএ। স্বাধীন এই ফোরামের নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ আইনজীবী ফিওনা ম্যাকলিওড এও এসসি। ছয় সপ্তাহের এই প্রক্রিয়ায় ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। চাইলে সরাসরি উপস্থিত হয়ে, অনলাইনে, লিখিত বক্তব্য কিংবা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েও অংশ নেয়া যাবে।
তবে ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য দেখতে পারবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড। ফিওনা ম্যাকলিওডের নেতৃত্বাধীন দল আলোচনায় উঠে আসা মূল বিষয়, সমস্যা এবং প্রয়োজনীয় সুপারিশ নিয়ে একটি প্রতিবেদন জমা দেবে। ব্যক্তিগত সাক্ষ্য কিংবা সহায়ক নথি সেখানে অন্তর্ভুক্ত থাকবে না। প্রতিবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সেটি এবং নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে সেই বিতর্কিত ঘটনা। বইটিতে খাজা দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না; দলের আরও অনেকে বিষয়টি জানতেন। ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট তার বক্তব্যের কিছু অংশ সমর্থন করেছেন। তবে প্যাট কামিন্সসহ দলের কয়েকজন বোলার দাবি করেছেন, তারা এমন পরিকল্পনার বিষয়ে কিছুই জানতেন না।
নতুন ফোরামের আলোচনায় থাকবে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বল ব্যবস্থাপনার পদ্ধতি, অ্যাশেজ সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট এবং ২০১৮ সালের ২৪ মার্চ কেপটাউন টেস্টে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্তপ্রক্রিয়াও পর্যালোচনার আওতায় আসবে। তবে নতুন করে তদন্ত শুরু করা কিংবা কে দায়ী, তা নির্ধারণ করা এই ফোরামের উদ্দেশ্য নয়।
অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। প্রত্যেক অংশগ্রহণকারী নিজের সঙ্গে আইনজীবী কিংবা সহায়তাকারী রাখতে পারবেন। অন্য কারও বক্তব্য যাচাইয়ের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তথ্যদাতার পরিচয় প্রকাশ করা যাবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সব খেলোয়াড় ও স্টাফকে নিজেদের কথা বলার সুযোগ করে দিতে এই স্বাধীন ফোরাম তৈরি করা হয়েছে। নিরাপদ পরিবেশে তাদের অভিজ্ঞতা তুলে ধরার এবং বোর্ডের শোনার এটি একটি সুযোগ।’ তিনি আরও বলেন, ‘প্রতিবেদনটি সম্পূর্ণ প্রকাশ করা স্বচ্ছতার প্রতি আমাদের অঙ্গীকারের অংশ। তবে এই প্রক্রিয়ার উদ্দেশ্য কাউকে শাস্তি দেয়া কিংবা দোষারোপ করা নয়।’
