বাংলাদেশের পেস আক্রমণে আবারো দুঃসংবাদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের গতিতারকা নাহিদ রানা। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে এই পেসারের।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় নাহিদ রানাকে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তার রক্তে প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকবাজকে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘রানা এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। কারণ, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শরীর অনেক দুর্বল হয়ে পড়ে।’
রানার জন্য সময়টা এমনিতেই ভালো যাচ্ছিল না। দীর্ঘদিনের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু মাঠে ফেরার আগেই নতুন এই অসুস্থতা তার প্রত্যাবর্তনের পরিকল্পনায় বড় ধাক্কা দিল। এর আগে কাঁধের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান এই ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি দেশে ফেরেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শারীরিক মূল্যায়নও করানো হয় তার।
নাহিদ রানার চোটের শুরু গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। ওই সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। সেই চোটের কারণে পরবর্তী অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি এ টাইগার পেসার। পুনর্বাসন চলাকালে নতুন করে গ্লুটের চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান।
পরবর্তী সময়ে ল্যাব্রাম চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও তার খেলা হয়নি। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে ছিটকে যাওয়া আরেক পেসার হাসান মাহমুদকে নিয়েও নতুন পরিকল্পনা করছে বিসিবি। টেনিস এলবো বা কনুইয়ের পুরোনো চোট আবারও ফিরে আসায় তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর প্রস্তুতি চলছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হাসানের কাউন্টি দল কেন্ট তাকে ইংল্যান্ডে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে আগ্রহী। গত মৌসুমে কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করে দলটির প্রথম বিভাগে উন্নীত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই বাংলাদেশি পেসার। বিসিবি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, তার ইংল্যান্ড সফরের প্রয়োজনীয় ব্যবস্থা করছে কাউন্টি ক্লাবটি।
