সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত টাকা ছাপানো নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা। এ লক্ষ্যে একটি বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে আর্জেন্টিনার পার্লামেন্ট। বৃহস্পতিবার দেশটির নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রস্তাবিত এই বিলটি পাস হয়। এর মাধ্যমে মুদ্রার মান ধরে রাখাকেই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও মৌলিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচন স্থগিত করার একটি বিলও দেশটির সিনেটে পাস হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
চেম্বার অব ডেপুটিজে ১৪১-০ ভোটে কেন্দ্রীয় ব্যাংক সংস্কার বিলটি পাস হয়, যেখানে ৯৯ জন ভোটদানে বিরত ছিলেন। ২০২৩ সালে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ২০০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পেছনে আগের সরকারগুলোর অতিরিক্ত টাকা ছাপানোকে দায়ী করা হয়। মিলেইয়ের দপ্তর এই বিল পাসকে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে, সিনেটে ৪৩-২৯ ভোটে পাস হওয়া প্রাইমারি নির্বাচন স্থগিতের বিলটিতে রাজনৈতিক দলগুলোর সরকারি অর্থায়ন কমানো এবং বাধ্যতামূলক নির্বাচনী বিতর্ক বাতিলের প্রস্তাবও রয়েছে। বিরোধীদের দাবি, কঠোর ব্যয় সংকোচন নীতির কারণে জনরোষের মুখে থাকা মিলেই পুনর্নিবাচনের পথ সুগম করতে গণতান্ত্রিক নিয়ম বদলানোর চেষ্টা করছেন। তবে নিম্নকক্ষে পাস হলেই কেবল নির্বাচনী বিলটি চূড়ান্ত হবে।
