টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনায় আরেক মামলা, আসামি ৫ হাজার

টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনায় আরেক মামলা, আসামি ৫ হাজার

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশের পর আরেক মামলা করেছে বিজিবি। উপজেলার নিলফা বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। এতে ৮ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর বিজিবি’র নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে এই মামলা করেন। তবে ওই আটজনের নাম এখনো জানা যায়নি।
এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল আহম্মেদ মামলা করেন। টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ও বিজিবি’র দুই মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।

তবে এতদিন মামলার বিষয়টি প্রকাশ করেনি টুঙ্গিপাড়া থানা পুলিশ। গতকাল বিকেলে বিষয়টি জানাজানি হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার এসআই মো. আরিফুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে—কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এছাড়া মামলাটিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমানে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলা দু’টির বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন মানবজমিনকে বলেন, ‘টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে নীলফা খালেক বাজার এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় অন্য একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’