ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে গ্যালারিতে পতাকা প্রদর্শন করে তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকরা। আর তা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে জর্জিয়ার বাতুমি স্টেডিয়াম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বেসিকতাস ও ইসরাইলি ক্লাব হাপোয়েল বিয়ার শেভার মধ্যকার ইউরোপা লীগের ম্যাচটি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে রেফারি মর্টেন ক্রগ খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় গ্যালারিতে পুলিশকে বেসিকতাস সমর্থকদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা যায়। একজন দর্শককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার দৃশ্যও ছড়িয়ে পড়ে। তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভির প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। এ সময় কয়েকজন সমর্থককে ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিতেও শোনা যায়।
তুরস্কে ম্যাচ আয়োজন নিরাপদ নয় বিবেচনায় সেটি জর্জিয়ার বাতুমিতে সরিয়ে নেয়া হয়। উয়েফা জানায়, প্রায় আধঘন্টা পর পুনরায় খেলা শুরু হয়। বিরতির সময় বেসিকতাসের ফুটবলার ও ক্লাবটির ফুটবল পরিচালক ওন্দের ওজেন সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।
ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীদের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানায় বেসিকতাস। ক্লাবটির দাবি, কয়েকজন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশ করতেও বাধা দেয়া হয়। বেসিকতাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা এমন একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যাতে লেখা ছিল, ‘দখলদারত্বের বিরুদ্ধে জেগে ওঠো। ফিলিস্তিনের স্বাধীনতা চাই।’
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানান, এ ঘটনায় তিনি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন বাকও পুলিশের ভূমিকার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘খেলাধুলার সর্বজনীন মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সব ধরনের বৈষম্য ও অবিচারের আমরা বিরোধিতা করি।’
তুরস্কের ফুটবল ফেডারেশন জানায়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করতে তারা বিষয়টি শেষ পর্যন্ত অনুসরণ করবে। গালাতাসারাই, ফেনারবাচে ও ট্রাবজোনস্পোরের মতো তুরস্কের বড় ক্লাবগুলোও বেসিকতাসের প্রতি সংহতি জানিয়েছে। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দনও করেননি বলে জানায় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। শেষ পর্যন্ত ইসরাইলি ক্লাবটির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় বেসিকতাস।
