হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

ফিফার সাইবার হামলা

হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

ফন্ট সাইজ:

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিস্টেমে সাইবার হামলার হয়েছে। এতে সংস্থাটির সীমিত পরিসরের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কী ধরনের তথ্য চুরি হয়েছে, কখন এই হামলা চালানো হয়েছে কিংবা কতজন এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি ফিফা।

বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক বিবৃতিতে ফিফা জানায়, তারা ‘সীমিত পরিসরের ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য’ অননুমোদিতভাবে হাতিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফিফা বলে, ‘তথ্য, বিশেষ করে ব্যক্তিগত তথ্য, বেআইনিভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে আমরা সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হতে পারে।’

গত সপ্তাহে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিফার কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে। তাদের দাবি ছিল, এসব নথি ফিফার অভ্যন্তরীণ তথ্য। তবে পরবর্তী সময়ে অ্যাকাউন্টটি স্থগিত করা হলে পোস্টটিও সরিয়ে নেয়া হয়।

ইএসপিএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলার আওতায় এসেছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, ফিফার প্রযুক্তিগত ব্যবস্থার কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেনি। বরং কর্মী পরিচয়ে প্রতারণার মাধ্যমে হ্যাকাররা সংস্থাটির সিস্টেমে প্রবেশাধিকার পায়। তবে হামলার সুনির্দিষ্ট সময়, তথ্যের ধরন এবং নিরাপত্তা লঙ্ঘনের পূর্ণাঙ্গ পরিধি এখনো অজানা।

ফিফা জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সংস্থাটি।’ এদিকে সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বৈশ্বিক পরিষেবা বিপর্যয়, যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিঘ্ন এবং জেপিমরগান চেজের প্রযুক্তিগত সমস্যার কারণে ব্যাংকিং সেবায় অচলাবস্থা তৈরি হওয়ায় ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। যদিও এসব ঘটনার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সাইবার হামলার সরাসরি যোগসূত্রের প্রমাণ মেলেনি।

অন্যদিকে, বিশ্বকাপের অংশীদারত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে আগে থেকেই চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তীব্র সমালোচনার মুখে তিনি স্বীকার করেছেন, উদ্যোগটি ফুটবল বিশ্বে বিভাজন তৈরি করেছে।

এ কারণে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ প্রস্তাবের বিরোধিতা করে ভবিষ্যতে ফিফার টুর্নামেন্ট বর্জনের হুমকিও দেয়। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী খুঁজতে উয়েফাসহ অন্যান্য মহাদেশীয় সংস্থার তৎপরতাও বেড়েছে। সব মিলিয়ে প্রশাসনিক বিতর্কের পাশাপাশি এবার সাইবার নিরাপত্তার প্রশ্নেও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।