গাজায় এমন পরিস্থিতি তৈরির জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার ফলে সেখানে সন্তান জন্মদান বাধাগ্রস্ত হচ্ছে এবং নারীদের শারীরিক, মানসিক ও প্রজনন স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানের ফলে সৃষ্ট এসব পরিস্থিতি নারীদের বিরুদ্ধে সংঘটিত লিঙ্গভিত্তিক অপরাধ এবং গণহত্যার অংশ হতে পারে।
নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ২০২৬ সালের ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব তথ্য তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক অভিযান, মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এবং গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিপর্যয়ের কারণে গর্ভবতী নারী, মা ও নবজাতকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ গাজায় বান্ধ্যত্ব চিকিৎসায় প্রবেশাধিকার বাধাগ্রস্ত করেছে এবং গর্ভপাত ও মৃত সন্তান প্রসবসহ নানা ধরনের গর্ভকালীন জটিলতা বাড়িয়েছে। এসব পরিণতি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবেদনে এমন অনেক নারী ও কিশোরীর ঘটনার বিবরণ রয়েছে, যারা চিকিৎসাসেবা নিতে গিয়ে অথবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরাইলি হামলায় নিহত কিংবা আহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের মধ্যে অনেক নারী নিজেরা আহত অবস্থায় গর্ভধারণ, সন্তান প্রসব কিংবা নবজাতকের পরিচর্যা করতে বাধ্য হয়েছেন।
অ্যামনেস্টি আরও বলেছে, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট গর্ভকালীন পর্যবেক্ষণ, প্রসূতিসেবা, সন্তান জন্মের পর চিকিৎসা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার সক্ষমতাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ এবং অ্যানেসথেশিয়ার অভাবও কিছু ক্ষেত্রে প্রাণঘাতী হয়েছে।
সংস্থাটির মতে, মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধ এসব সংকটকে আরও বাড়িয়ে তুলেছে, যার ফলে মা ও নবজাতকের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদনটি তৈরিতে ২২৮টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে ২০২৬ সালের শুরুর দিকে সংঘটিত দুটি পৃথক ঘটনার বিষয়ে দুইজন প্যারামেডিকের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, উভয় ঘটনায় সন্তান প্রসবের অপেক্ষায় থাকা একজন নারী এবং তাকে হাসপাতালে নিতে যাওয়া অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে। ঘটনাগুলো গাজা উপত্যকার ইসরাইলি নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিতকারী কথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েকশ মিটার দূরে ঘটেছিল।
প্রতিবেদনে ২০২৫ সালে ২০ দিন বয়সী এক নবজাতকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অন্য একটি অসুস্থ শিশুর সঙ্গে একই ইনকিউবেটর ভাগ করে নেওয়ার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।
গাজায় জন্মহার কমে যাওয়ার মধ্যেও প্রজননস্বাস্থ্য সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে জীবিত সন্তান জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘও ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমে যাওয়ার তথ্য নথিভুক্ত করেছে।
বন্ধ্যত্ব চিকিৎসার ক্ষেত্রেও পরিস্থিতি ভয়াবহ। যুদ্ধের আগে গাজায় অন্তত নয়টি ক্লিনিকে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ (IVF) চিকিৎসার ব্যবস্থা ছিল। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সংস্থাটি আরও জানিয়েছে, সংরক্ষিত হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনের এসব তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা সম্ভাব্য গণহত্যা সংঘটনের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে তদন্তে লিঙ্গ ভিত্তিক অপরাধ এবং প্রজনন স্বাস্থ্যের ওপর সংঘটিত ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
প্রতিবেদনটি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদের আলোকে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উত্থাপন করেছে। এই কনভেনশন অনুযায়ী, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপ গণহত্যার একটি উপাদান হিসেবে বিবেচিত হতে পারে, যদি সংশ্লিষ্ট গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে তা করা হয়।
অ্যামনেস্টির এই প্রতিবেদন গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে চলমান আন্তর্জাতিক আইনি বিতর্কের কেন্দ্রে নারীর প্রজননস্বাস্থ্য, নবজাতকের সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্নকে আরও জোরালোভাবে সামনে এনেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর গাজায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু।
অ্যামনেস্টির প্রতিবেদনের মূল বক্তব্য হলো, যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু তাৎক্ষণিক মৃত্যু ও শারীরিক আঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রজনন চিকিৎসাকেন্দ্র ধ্বংস, গর্ভপাত, মাতৃস্বাস্থ্যসেবার বিপর্যয় এবং সংরক্ষিত প্রজনন উপাদান নষ্ট হওয়ার ঘটনা গাজার জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজনন সক্ষমতা ও অস্তিত্বের জন্য দীর্ঘমেয়াদি উদ্বেগ তৈরি করছে।
সূত্র: Israel should be investigated for genocidal act of preventing births in Gaza - new report | Amnesty International UK
