শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের ওপর বহিরাগত লোকদের হামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে ধাওয়া দিলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শ্রমিকরা জানায়, সকালে কাজে যোগ দিলেও ১০টার দিকে ডেকো গার্মেন্টসে ছুটি দেয়া হয়, পরে একইসঙ্গে স্থানীয় রিদিশা নিটেঙ, ডিবিবিএল কারখানাও ছুটি দেয়া হয়। সড়ক ধরে হাজারো শ্রমিক ছুটির পর বাইরে বের হলে লাঠিসোটা নিয়ে বহিরাগতরা শ্রমিকদের ওপর হামলা চালালে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে, শ্রীপুরের অধিকাংশ কারখানায় ছুটি থাকায় কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।