নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নেত্রকোণা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। ফাহিম এনসিপি’র কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, আগুন লাগার বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
