বাকেরগঞ্জের উন্নয়নে ১৬৬ প্রকল্প

বাকেরগঞ্জের উন্নয়নে ১৬৬ প্রকল্প

ফন্ট সাইজ:

নদীভাঙন, যোগাযোগ সংকট, কর্মসংস্থানের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়নের নতুন প্রত্যাশায় এগিয়ে যেতে চায় বরিশালের বাকেরগঞ্জ। স্থানীয় মানুষের সেই প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস্যের পক্ষ থেকে প্রকাশিত গত ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ১৬৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাল খনন, পানি নিষ্কাশন, কৃষি সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য আবুল হোসেন খান মানবজমিনকে বলেন, এলাকার সমস্যাগুলো পর্যবেক্ষণ করছি। সরকারি বরাদ্দের সীমাবদ্ধতা না থাকলে উন্নয়নের সব কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আশা করছি।

তবে বাকেরগঞ্জের উন্নয়নে নদীভাঙন প্রতিরোধ, টেকসই সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান এখনো বড় চ্যালেঞ্জ। নেয়ামতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহেল ফরাজী বলেন, উন্নয়ন হতে হবে সব মানুষের জন্য।

অন্যদিকে, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক মৃধা নদীভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। বাকেরগঞ্জবাসীর প্রত্যাশা, ঘোষিত ১৬৬টি প্রকল্পসহ উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে দৃশ্যমান অগ্রগতির মাধ্যমে গড়ে উঠবে একটি আধুনিক ও সমৃদ্ধ বাকেরগঞ্জ।