হবিগঞ্জের লাখাইয়ে রোপা আমন ধান কাটার মৌসুমে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করছেন হারভেস্টার মালিকেরা। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত হার বিঘাপ্রতি (স্থানীয়ভাবে কের বা খের) ১ হাজার ৮০০ টাকা হলেও এলাকাভেদে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।
ফুলবাড়ীয়া গ্রামের কৃষক মোজাম্মিল জানান, সাধারণভাবে বিঘাপ্রতি আড়াই হাজার এবং নুইয়ে পড়া ধানের ক্ষেত্রে ৩ হাজার টাকা দিতে হচ্ছে। সিংহ গ্রামে ২ হাজার ও রাঢ়িশাল গ্রামে আড়াই হাজার টাকা হারে ধান কাটা হচ্ছে বলে জানান স্থানীয় চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, সরকারি হার ১ হাজার ৮০০ টাকা। বেশি নিলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পরামর্শ দেন তিনি। ইউএনও তারেক হাসান বলেন, বিষয়টি দেখবো।
