সীতাকুণ্ডে টিসিবি’র নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে টিসিবি’র নতুন ডিলার নিয়োগ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত হওয়ার পরও তা প্রকাশ না হওয়ায় অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর না হওয়ায় তালিকা প্রকাশ ও নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন আবেদনকারী।

আবেদনকারীদের অভিযোগ, নতুন ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত হওয়ার পরও অজ্ঞাত কারণে তা প্রকাশ করা হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত সাবেক ডিলারদের প্রভাব ও দৌরাত্ম্য এখনো অব্যাহত রয়েছে। এতে নতুন আবেদনকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে সাবেক ডিলারদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগও তদন্তের আওতায় এনে নতুন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।