কুমিল্লায় অপহৃত স্কুলছাত্রী দেড় মাসেও উদ্ধার হয়নি

ফন্ট সাইজ:

কুমিল্লায় অপহরণের দেড় মাসেও সিঙ্গাপুর প্রবাসীর একমাত্র সন্তান অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরাও গ্রেপ্তার হয়নি। এতে অপহৃত স্কুলছাত্রীর বাবা-মা ও পরিবারের লোকজন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

মামলার অভিযোগে জানা গেছে, চান্দিনা উপজেলার ছাতাড্ডা গ্রামের রেদোয়ান আহম্মেদ রিপনের ছেলে রনি (২১) বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে (১৪ বছর ৮ মাস) নানাভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় রিপন তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনা জানার পর ছাত্রীর মা বিষয়টি রিপনের অভিভাবকদের জানালেও কোনো প্রতিকার পায়নি। এরই মধ্যে গত ৮ই অক্টোবর ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে রিপন ও তার লোকজন ছাত্রীকে টানা-হেঁচড়া করতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে দেখে রিপন ও তার লোকজন জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে অপহৃত ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, মেয়েকে অপহরণের ঘটনায় চান্দিনা থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে নিরুপায় হয়ে ১১ই অক্টোবর রিপনসহ ৬ জনকে আসামি করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার আবেদন করি। আদালত মামলাটি আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেন। কিন্তু পিবিআই ভিকটিমকে উদ্ধার না করে তদন্তে গাফিলতি শুরু করে।

এ বিষয়ে আদালতে আবেদন করা হলে আদালতের নির্দেশে ঘটনার এক মাস পর গত ১৪ই নভেম্বর আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা রেকর্ড করা হয়। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, আদালত, পিবিআই ও থানার বারান্দায় ঘুরে ঘুরে দেড় মাস কেটে গেলেও মেয়ে উদ্ধার হয়নি। এখন সে কোথায় আছে, কীভাবে আছে— তাও জানি না। মেয়েকে উদ্ধারের জন্য তিনি আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপের দাবি জানান।