সিরাজদিখানে সন্দেহজনক দলিলে নামজারি বাতিল, হারুনকে খুঁজছে প্রশাসন

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্দেহজনক দলিলের ভিত্তিতে করা জমির নামজারি আবেদন বাতিল করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। এ ঘটনায় আবেদনকারী হিসেবে উল্লেখিত কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের মারফত আলীর ছেলে হারুন অর রশিদকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রশাসনের পক্ষ থেকে তকে খোঁজা হলেও তার সন্ধান মিলেনি। জানা যায়, গত ২৬শে সেপ্টেম্বর হারুন অর রশিদের নামে ১৭০০৪০১৫ নম্বর নামজারি আবেদন করা হয়। আবেদনে আরএস ১৫৩ খতিয়ানের ৬২০ দাগের ১ একর ২৩ শতাংশ জমি ২০২৩ সালের ১৯শে অক্টোবর ১০৪২০ নম্বর দলিলমূলে ক্রয়ের দাবি করা হয়। তবে যাচাইয়ে সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসে ওই দলিলের কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নামজারি আবেদনটি বাতিল করা হয়।

সরজমিন দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে হারুন অর রশিদকে লোকজন নিয়ে একাধিকবার যাতায়াত করতে দেখা গেছে। অভিযুক্ত হারুন আর রশিদ বলেন, আমি এমন কোনো নামজারি আবেদন করিনি। এ আবেদনটি কে করেছেন, দলিলটি কোথা থেকে এসেছে তা আমি জানি না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, দলিলটি সন্দেহজনক মনে হওয়ায় যাচাইয়ের জন্য সাব- রেজিস্ট্রি অফিসে পাঠানো হয়। সেখানে দলিলের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।