রংপুরে যুবকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

রংপুরে আরিফুল ইসলাম (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনাসদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশাচালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে।

এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত ২৩শে নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল। পরদিন ২৪শে নভেম্বর আরিফুলের বাবা মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার ভোরে সেনাসদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা আরিফুলকে মসলা বাটার শিলপাটা দিয়ে মাথায় আঘাতসহ গলা কেটে হত্যা করা হয়েছে। ওসি ওয়াদুদ আলম বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।