ময়মনসিংহের ভালুকায় পিএ নিট কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় কারখানার সামনে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শ্রমিকরা আবারো কারখানার ভেতরে চলে যায়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী আইডিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেতন বাড়ানোর দাবিতে দুপুর সোয়া ২টার দিকে আইডিয়া মোড় এলাকায় অবস্থিত পিএ নিট কারখানার শ্রমিকেরা কারখানা গেটের ভেতরে আন্দোলনে নামার জন্য জড়ো হয়। তবে, শ্রমিকদের আন্দোলন করার জন্য মহাসড়কে নামার খবরে আগে থেকেই গেটের সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
একপর্যায়ে শ্রমিকরা সেøাগান দিয়ে কারখানার গেট খুলে বের হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আবারো কারখানার ভেতরে ঢুকে যায়। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় শ্রমিকরা আহত হয়েছে কিনা- জানাতে পারেনি পুলিশ। তবে, স্থানীয়দের ধারণা সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, পিএ নিট কারখানার শ্রমিকদের আন্দোলনের বিষয়ে আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল। যে কারণে আগে থেকেই কারখানার গেটের সামনে শতাধিক পুলিশ ও বিজিবি মোতায়েন করা ছিল। শ্রমিকরা গেট খুলে বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয়া হয়, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আবারো কারখানার ভিতরে ঢুকে যায়। আমরা এখনো কারখানার সামনে আছি।
তিনি আরও বলেন, ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যাচ্ছে। আনুমানিক ২০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ আহত হয়েছে কিনা- তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান তিনি।
