মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল ওয়াহিদ জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৩শে মে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন।
