চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমাতে তিনটি ডিজিটাল সেবা চালু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এখন থেকে ওয়েব পোর্টাল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ বিল দেখা, অভিযোগ জানানো এবং ইউটিলিটি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। গতকাল দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হক।
তিনি জানান, বাংলা ও ইংরেজি ভাষায় সেবা দিতে চালু করা হয়েছে ‘বিপিডিবি কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা’ এবং বিনামূল্যের ‘বিদ্যুৎসেবা’ মোবাইল অ্যাপ। বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো তিনটি মাধ্যম একই সার্ভার ও তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ওয়েব পোর্টালের ঠিকানা বারবকুণ্ড ডট বিপিডিবি অনলাইন ডটকম।
এ পোর্টালে মিটার নম্বর দিয়ে বিদ্যুৎ বিল দেখা ও অভিযোগ জানানো যাবে। অভিযোগের বিপরীতে পাওয়া যাবে অনুসরণ নম্বর। এর মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি জানা যাবে। পাশাপাশি পাসপোর্ট, ভিসা ও ব্যাংকিং কাজে প্রয়োজনীয় ইউটিলিটি সার্টিফিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে। কিউআর কোড স্ক্যান করে সার্টিফিকেটের সত্যতাও যাচাই করা যাবে। এ ছাড়া মোবাইল অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার মাধ্যমে বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর, বিদ্যুৎ বিভ্রাটের তথ্য এবং প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে।
অনলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগেরও সুযোগ রয়েছে। কর্মকর্তারা জানান, এসব ডিজিটাল সেবা চালুর ফলে গ্রাহকদের অফিসে যাতায়াত ও সময়ের অপচয় কমবে। ঘরে বসেই দ্রুত বিদ্যুৎ-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা পাওয়া সহজ হবে।
