বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মানিকগঞ্জের ঘিওরে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার পরকীয়া প্রেমিক জসিম উদ্দিনের (২২) বিরুদ্ধে। এ নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে মামলা রুজুর মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘাতক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে পিবিআই মানিকগঞ্জের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গ্রেপ্তার জসিম ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত চম্পার স্বামী স্বপন মিয়া প্রায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর থেকে চম্পা তার দুই সন্তান স্বর্ণা আক্তার (১৪) ও ইয়াছিন (১১)কে নিয়ে ঘিওরের বীরসিংজুরী এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। সংসারের হাল ধরতে তিনি সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার তারাসীমা গার্মেন্টসে চাকরি করতেন। প্রতিদিনের মতো গত ২৩শে নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চম্পা। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ২৪শে নভেম্বর সকাল ৬টার দিকে চম্পার শাশুড়ি বাড়ির লাকড়ির ঘরের পেছনে আতা গাছের নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর পরই প্রযুক্তিগত বিশ্লেষণ ও পারিবারিক তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, একই এলাকার যুবক জসিমের সঙ্গে চম্পার দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি জসিম চম্পাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বয়সে ১৮ বছরের ব্যবধান এবং দু’টি সন্তান থাকায় চম্পা বিয়েতে রাজি হননি।
এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, ঘটনার দিন বিয়ের বিষয়ে চম্পা অসম্মতি জানালে ক্ষুব্ধ হয়ে জসিম তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ আতা গাছের নিচে ফেলে রাখেন। এ ঘটনায় ২৫শে নভেম্বর নিহতের ভাই মো. রাহুল আমিন বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার মাত্র তিন ঘণ্টার মাথায়, ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে বীরসিংজুরী বাজার থেকে জসিমকে গ্রেপ্তার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ওড়নাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না— তা খতিয়ে দেখছে পিবিআই।
