গুরুতর অসুস্থ মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ মামুনুর রশীদ

ফন্ট সাইজ:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে বুধবার গভীর রাতে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

এর আগে চারদিন ধরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এ অভিনেতা। বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ডের বৈঠক হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের বলা হয়, তার অবস্থা সংকটাপন্ন। এরপর চিকিৎসার সুবিধার্থে হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেন স্বজনরা। এর আগেও নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ নিয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মামুনুর রশীদ। ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ধরা পড়ে। ছয়দিন আইসিইউতে চিকিৎসা নেয়ার পর সুস্থ হন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে চলতি বছরের ১৪ই জানুয়ারি দেশে ফেরেন তিনি। বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য এই ব্যক্তিত্ব পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘আরণ্যক’।

নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মনপুরা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন এ অভিনেতা।