অন্য এক অলংকার

অন্য এক অলংকার

ফন্ট সাইজ:

চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী। মূলত একের পর এক মিউজিক ভিডিওতে মডেল হয়েই আলোচনায় তিনি। এদিকে, এরই মধ্যে অলংকার চৌধুরী অভিনীত একটি নাটক এনটিভিতে প্রচার হওয়ার পর তা আবার ইউটিউবেও প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘তুমি আমি আর কেউ’। নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে অলংকারের বিপরীতে আছেন আবু হোমায়রা তানভীর। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অলংকার চৌধুরী।

এ নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছেন তিনি। এ নাটকে অলংকার নিজেকে ভেঙেছেন। নতুন ইমেজে এখানে তার দেখা মিলেছে। যে কারণে নাটকটিতে তার চরিত্রও দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। এ ছাড়াও এরই মধ্যে জুলফিকার ইসলাম শিশিরের ‘নাইট শিফট’ নামের একটি নাটকও প্রকাশিত হয়েছে ইউটিউবে। অলংকার চৌধুরী বলেন, ‘তুমি আমি আর কেউ’ নাটকটির গল্প খুব সুন্দর। আমি কিন্তু এখন খুব বেশি নাটকে কাজ করি না। গল্প ভালো হলে তাতে কাজ করতে চাই।
‘তুমি আমি আর কেউ’ নাটকটিতে অন্য এক অলংকারকে আবিষ্কার করেছেন দর্শক। আর আমার সহশিল্পী তানভীর ভাই দারুণ অভিনয় করেন। যে কারণে তার সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। নাটকটি প্রচারে আসার পর বেশ ভালো সাড়া পাচ্ছি।