নারীর স্বপ্ন দেখা, নিজের অবস্থান তৈরি করা কিংবা উচ্চাকাঙ্ক্ষী হওয়াকে নেতিবাচক চোখে দেখার বিরোধিতা করেছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত ভূপতি। তার মতে, একজন নারী নিজের লক্ষ্য নিয়ে সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী হতেই পারেন। শুধু এই কারণে তাকে নেতিবাচক তকমা দেয়া উচিত নয়। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় কৈকেয়ী চরিত্রে অভিনয় করতে গিয়ে বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের উপলব্ধির কথা জানিয়েছেন লারা। ভারতীয় পৌরাণিক কাহিনীতে কৈকেয়ীকে সাধারণত বিতর্কিত ও নেতিবাচক চরিত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে চরিত্রটির ভেতরের মানসিকতা বুঝতে গিয়ে নারীর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সমাজের প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
লারা বলেন, প্রায় তিন দশক ধরে তিনি অভিনয় জগতে নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে কাজ করছেন। উচ্চাকাঙ্ক্ষী হওয়াকে তিনি কখনো অপরাধ মনে করেননি। তবে নিজের লক্ষ্য অর্জনের পথে অন্যের ক্ষতি হচ্ছে কি না— সেটিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, সমাজে নারীদের দায়িত্বের বিষয়টি এখনো অনেকটা সংসার ও সন্তান পালনের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়। কর্মক্ষেত্রে সফল নারীদের কাছে পরিবার ও পেশার ভারসাম্য নিয়ে প্রশ্ন করা হলেও পুরুষদের ক্ষেত্রে একই ধরনের প্রশ্ন তোলা হয় না। এই দ্বৈত মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কৈকেয়ী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে লারা বলেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে একজন মায়ের উচ্চাকাঙ্ক্ষা পর্দায় তুলে ধরা সহজ ছিল না। চরিত্রটির প্রচলিত নেতিবাচক পরিচয়ের পাশাপাশি বৃহত্তর প্রেক্ষাপটও বোঝার চেষ্টা করেছেন তিনি।
