ইরানের ড্রোন হামলায় কুয়েতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় তারা আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দুজনই জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের প্রযুক্তিবিদ ছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
এর আগে ইতালির বার্তা সংস্থা আনসাও দুই ইতালীয়র মৃত্যুর খবর প্রকাশ করে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে জানায়, হামলায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।
দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আকাশসীমায় বেশ কয়েকটি শত্রুতামূলক ড্রোন শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। এরপর সেগুলো মোকাবিলায় ‘উপযুক্ত ব্যবস্থা’ নেয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বেআইনি আগ্রাসনে দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়। হামলায় স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।
ইতালির সংবাদপত্র লা রিপাবলিকা জানিয়েছে, নিহত দুই প্রযুক্তিবিদ ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, গত মার্চ থেকে উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা এবং ইতালিতে জ্বালানি সরবরাহের উৎসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা সামরিক ও বেসামরিক সদস্যদের একটি দলের অংশ ছিলেন তারা।
এদিকে হামলার প্রভাবে উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক হয়ে ইউরোপ থেকে উপসাগরীয় দেশগুলোতে যাতায়াতকারী কয়েকটি বিমানকে গতিপথ পরিবর্তন করতে হয়েছে।
কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেয়ার খবর ছড়িয়ে পড়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার হামলার শিকার হচ্ছে কুয়েত। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
