ঈদের নামাজে নতুন পোশাকের সঙ্গে আতরের সুগন্ধ ও টুপি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ঈদের সকালে নতুন টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ নিয়ে ঈদগাহের দিকে পা বাড়ান মুসল্লিরা। তাই শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে টুপি ও আতরের দোকান।
সরজমিন বায়তুল মোকাররম, মতিঝিল, কাওরান বাজার ঘুরে দেখা যায়, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি ও পছন্দের সুভাস গায়ে মাখাতে আতর ও টুপির দোকানে ভিড় করছেন নানা শ্রেণি- পেশার মানুষ। ছোট-বড় সব দোকানেই ছিল উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে কেউবা বন্ধুদের আবার কেউ এসেছেন অফিসের সহকর্মীদের সঙ্গে। উদ্দেশ্য বাহারি টুপি, নকশা ও কারুকাজ করা জায়নামাজের সঙ্গে পছন্দের আতর খুঁজে নেয়া। বেশির ভাগ মানুষের চাহিদার শীর্ষে রয়েছে ফুটপাথের ভ্যান-রিকশায় বিক্রি করা আতর টুপি উচ্চবিত্তরা কিনছেন অভিজাত শপিংমল থেকে। পাশাপাশি বন্ধু-স্বজনদের জন্য আতর কিনতে দেখা যায় অনেককে।
মার্কেটগুলোতে দেখা যায়, দেশে বানানো টুপির পাশাপাশি দোকানগুলোতে আছে চীন, ভারত, পাকিস্তান ও দুবাইয়ের টুপি। পাকিস্তানি টুপি ২০০ থেকে ১৫০০ টাকা। এর মধ্যে পাথরের কাজ করা পাকিস্তানি টুপি ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মোটামুটি ভালো মানের একেকটি গোলটুপির দাম রাখা হচ্ছে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে, একটু উন্নত টুপির দাম পড়ছে ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। সবার মাথায় সহজে এঁটে যায়, এমন সুতি কাপড়ের বোনা টুপি মিলছে ৩০ থেকে ৫০ টাকার মধ্যেই। আতরের দোকানগুলোতে দেশি ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা বিভিন্ন আতর পাওয়া যাচ্ছে। জনপ্রিয় আতরের মধ্যে রয়েছে- জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, শাইখা, হাজরে আসওয়াদ, ভ্যাম্পায়ার ব্লাড, সিল্ভার স্টুন, অ্যাম্বার, কস্তুরী, সুলতান, উদ, কিং হোয়াইট, আল-ফারেজ, কুল ওয়াটার ইত্যাদি নামের আতর। দেশি আতর প্রতি ৬ মিলিলিটারের দাম ৭০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। বিদেশি আতরের ক্ষেত্রে প্রতি ৬ মিলিলিটারের দাম শুরু ২০০ টাকা থেকে।
এ ছাড়া বাহারি রং ও নকশার বিভিন্ন ধরনের জায়নামাজ রয়েছে দোকানগুলোতে। দেশি জায়নামাজের সঙ্গে রয়েছে ভারত, তুরস্ক, চীন, পাকিস্তান ও বেলজিয়ামে তৈরি জায়নামাজ। দেশি জায়নামাজের দাম শুরু ১৫০ টাকা থেকে। আমদানি করা বিদেশি জায়নামাজ পাবেন সাড়ে তিনশ’ থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার মধ্যে। বিভিন্ন কুটির শিল্পের দোকানে পাবেন হাতে বোনা পরিবেশবান্ধব পাটের তৈরি জায়নামাজ। দাম দুই হাজার টাকা থেকে শুরু। এ ছাড়া বাচ্চাদের জায়নামাজ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।
তসবিহ’র ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। পাথর, চন্দন কাঠ, জয়তুন কাঠ, ক্রিস্টাল ও প্লাস্টিকের তসবিহ’র পাশাপাশি বিভিন্ন ধরনের বিশেষ উপকরণ দিয়ে তৈরি তসবিহ পাওয়া যাচ্ছে। ৩৩, ১০০, ৫০০ ও ১০০০ দানার তসবিহ’র দাম ১০০ টাকা থেকে শুরু, আর ডিজিটাল তসবিহ মিলছে ৫০ থেকে সাড়ে ৩০০ টাকার মধ্যে ।
গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে বাবার সঙ্গে আতর কিনতে এসেছে ৫ বছর বয়সী রাদিপ হোসেন। তার বাবা রবিন হোসেন বলেন, সুগন্ধি লাগানো মহানবীর (সা.) সুন্নত। তিনি সুগন্ধি লাগিয়ে ঈদগাহে যেতেন। ঈদে নতুন পোশাক পরিধানের পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা ঈদের সৌন্দর্য। প্রতি বছর ঈদ উপলক্ষে আতর কেনা হয় তাই এখানে আসা।
বাড়িতে যাওয়ার পথে বায়তুল মোকাররম মার্কেট থেকে মায়ের জন্য জায়নামাজ কিনেছিলেন তারেক হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি। সবার জন্য পোশাক কেনা শেষ; শুধু আতর টুপি কেনা বাকি রয়েছে। মায়ের জন্য জায়নামাজ কিনছি এখন। আমি ভ্যাম্পায়ার ব্লাড আতর নিব, আর পরিবারের অন্য সদস্যদের জন্য আলিশা, রেড রোজ ফ্ল্যাভারের আতর কিনবো।
মুম্বা আতর হাউজের স্বত্বাধিকারী ইমরান বলেন, রমজান মাস জুড়েই আমাদের বিক্রি হচ্ছে। সবাই নামাজে যাওয়ার উদ্দেশ্যে আতর কিনছেন। এখন সবাই আসছেন ঈদকে ঘিরে। মুরুব্বিরা একটু কড়া ও ফুলের সুগন্ধি পছন্দ করেন আর তরুণরা হালকা পারফিউম ফ্লেভার পছন্দ করে। তরুণরা ভ্যাম্পায়ার ব্লাড আতর বেশি কিনছেন। এর দাম প্রতি ৬ মিলিমিটার মানভেদে ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। বিদেশি আতরের দাম ২০০ টাকা থেকে শুরু ৮ হাজার টাকা পর্যন্ত ।
টুপি বিক্রেতা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আর তিনদিন পরই ঈদ, তাই সকলে ঈদ উপলক্ষে নতুন টুপি কিনছেন। আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি ভালো হচ্ছে, ১০ রমজানের পর থেকেই টুপি, তসবিহ, আতর ও জায়নামাজ বিক্রি বেড়েছে।এবারে পাকিস্তানি টুপি বেশি চলছে। এছাড়া ১০০-২০০ টাকার টুপি ক্রেতারা বেশি কিনছেন। আমার এখানে দেশি টুপির পাশাপাশি গুজরাটি, পাকিস্তান, দুবাই ও তার্কিশ টুপি রয়েছে। যেগুলোর দাম ৫০ থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত।
