বিতর্ক পিছু ছাড়ছে না ওসি নোমানের

ইয়াবাকাণ্ডে বদলি, ঘুষ কেলেঙ্কারিতে প্রত্যাহার, নারীকাণ্ডে ক্লোজড

বিতর্ক পিছু ছাড়ছে না ওসি নোমানের

ফন্ট সাইজ:

সাত বছর আগে ইয়াবাকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে বদলি হয়েছিলেন মোহাম্মদ ফয়জুল আজীম (নোমান)। এরপর ঘুষসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানা থেকে প্রত্যাহার হন। মামলা বাণিজ্যের দায়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে বদলি। এবার ফেনীর দাগনভূঞা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় পৌর যুব মহিলা লীগের সভাপতির সঙ্গে আপত্তিকর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার বিকালে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী তদন্ত করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি ছিলেন নোমান। ওই সময় তার শয়নকক্ষ থেকে কয়েকশ’ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটক করে পুলিশ। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। জাহিদের স্ত্রী আবেদা বেগমের দাবি ছিল, ওসির কক্ষ পরিষ্কারের সময় ওষুধ মনে করে ইয়াবাগুলো তারা বাসায় নিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ওসি তার স্বামীকে ফাঁসিয়েছেন। অন্যদিকে, ওসি নোমানের দাবি ছিল, জাহিদ বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সেখানে রেখেছিলেন। তবে নিজের কক্ষে ইয়াবা থাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। ওই ঘটনার পর ২০১৯ সালের ২৬শে নভেম্বর ওসি নোমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির আদেশ দেয়া হয়। ৫ই ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছিল তাকে। এর প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন তিনি।

তবে যোগদানের ৫৮ দিনের মাথায় ১৭ই নভেম্বর তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম বিভাগের তৎকালীন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। যোগদানের পর তার বিরুদ্ধে সাংবাদিক বিদ্বেষ, ঘুষ ও মামলা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ উঠার কথা তখন গণমাধ্যমে প্রকাশিত হয়। তার আগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় থাকাবস্থায়ও নানান বিতর্কে জড়িয়ে বেশিদিন টেকেননি। দীর্ঘদিন পর আবারো ফেনীর দাগনভূঞা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে নতুন করে আলোচনায় আসেন তিনি। গত মঙ্গলবার রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে মোবাইল ফোনে তার কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দু’টি অডিও’র একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড কথোপকথন রয়েছে। প্রথম অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে।

কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং ভাড়া কতো লাগবে, তাও বুঝিয়ে দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন ওসি। কথোপকথনের একপর্যায়ে ওসি বলেন, সমস্যা-টমস্যা কিছু নাই তো তোমার। এখন দায়িত্ব তো ওসি সাহেবের, আর ওসি ঠিক সব ঠিক-বুঝো নাই। তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা। দ্বিতীয় ফোনালাপে দুই লাখ টাকা লেনদেন, মামলা, হুমকি ও পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়ে দু’জনের কথা হয়। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য সেদিন থানায় দুই লাখ টাকা দিয়েছেন। তুহিন নামের কথিত এক সাংবাদিক তাকে ও তার বোনকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ওসি ওই নারীর সঙ্গে আবারও দেখা করে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গ্রেপ্তারের পর থানা হাজতে শ্লীলতাহানি ও আলিঙ্গনের প্রস্তাব দেয়ার অভিযোগও করেন তাসকিরা। এসব ঘটনার বিচার দাবি করেন তিনি। তবে ওসি নোমান কথোপকথন নিজের বলে স্বীকার করলেও তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, আসামি গ্রেপ্তারের কৌশল এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই নারীকে বাংলোতে আসতে বলেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি। এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরাকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। এ ছাড়া যাকে তাকে থানায় ধরে এনে টাকা আদায় করে ছেড়ে দেয়া, না দিলে মামলা দিয়ে আদালতে চালান করার অভিযোগ দীর্ঘ। মাদক কারবারি ও সন্ত্রাসী চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগও আছে নোমানের বিরুদ্ধে। তাকে দাগনভূঞা থেকে প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভও করেছিলেন স্থানীয়রা। এর আগেও আদালতের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহারের মুখে পড়েছিলেন নোমান। চলতি বছরের আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে অযোগ্য ঘোষণা করে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তবে পরবর্তী সময়ে ওসিকে স্বপদে বহাল রাখা হয়।