কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দ্রুতগতির একটি মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি কারাগারের আরপি গেটের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কারাগারের আরপি গেটের সামনে আসে। তাদের সবার মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল।
এ সময় তারা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তাদের মোল্লাতেঘড়িয়া এলাকার দিকে চলে যেতে দেখা যায়। কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তির মুখ শীতের কাপড় ও মাফলার দিয়ে ঢাকা ছিল। তারা কারাগারের আরপি গেটের সামনে ককটেল নিক্ষেপ করে মোল্লাতেঘড়িয়ার দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
