জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জাহিদুল সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, জাহিদুলের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসতেন তিনি।

পরে ২০২৪ সালের ১২ই আগস্ট সহ বিভিন্ন সময় কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল। এরপর কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়। এ ঘটনায় ২০২৫ সালের ১১ই এপ্রিল জাহিদুল ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। এডভোকেট আব্দুল হাই বলেন, গ্রেপ্তারের পর আসামি জাহিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় বাদীসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।