আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ, সিএমপি’র সার্জেন্ট বহিষ্কার

ফন্ট সাইজ:

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সার্জেন্টকে বহিষ্কার করা হয়েছে। মুজাহিদুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে। এ নিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সার্জেন্ট মুজাহিদুলকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ই নভেম্বর রাতে নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং মোড়ে একটি পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বাদী হতে বলা হলে তিনি রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগ ওঠে। পরে গত ২২শে নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ সামনে আসে। বিষয়টি খতিয়ে দেখতে তার ব্যবহৃত মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

তবে পরীক্ষায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের কোনো তথ্য পাওয়া গেছে কিনা— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা বহিষ্কারের কারণ হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের বিষয়টিই উল্লেখ করেন। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীও একই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।