নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারি নিয়ে সংবাদ প্রকাশের জেরে নিজের ও পরিবারের সদস্যদের মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক রিপন মিয়া। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দৈনিক যায়যায়দিন পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়া।
সংবাদ সম্মেলনে রিপন জানান, উপজেলার গোয়ালপাড়া এলাকার মাদক কারবারি সুমরকে চার মাস আগে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর কারাগারে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রিপন ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে প্রতিপক্ষের লোকজন।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দেয়ার অভিযোগও তোলেন রিপন। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সাংবাদিক সমাজ ও প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ষড়যন্ত্র, হয়রানি এবং সামাজিকভাবে হেয় করার অপচেষ্টার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
