দীর্ঘ আড়াই বছর পর খুললো বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মী বিনাখরচে মালয়েশিয়া গেলেন। বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী।
বিদায়ের আগে প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন ও ফটোসেশনের অংশ নেন। এসময় কর্মীদের মালয়েশিয়ার আইনকানুন ও ঐতিহ্য মেনে চলার পাশাপাশি সততা ও নিষ্টার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী।
নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিলো। দীর্ঘ আড়াই বছর পর এই ফ্লাইটের মধ্য দিয়ে আবারও দেশটিতে কর্মী যাওয়া শুরু হলো।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচিত করা হয়েছে। বোয়েসেলের মাধ্যমে পাঠানো এসব কর্মীর পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা ও অন্য আনুষঙ্গিক খরচের দায়িত্ব নিয়েছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকেটের সম্পূর্ণ ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক মূল বেতন পাবেন এক হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের ১১২ জন শ্রমিককে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাচ্ছে সরকার। পাশাপাশি পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে। বিদেশে দক্ষ মানবসম্পদ পাঠাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মালয়েশিয়ায় অবস্থানকালে সে দেশের আইনকানুন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশযাত্রা করছেন এই শ্রমিকেরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদায়ের মুহূর্তে তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায় এবং তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
