ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। তার কাছে মুম্বই এখন আর শুধু কাজের শহরই নয়, বরং নিজের ঘরও যেন। প্রায় দেড় যুগ আগে ভারতে আসার পর গড়ে উঠেছে তার জীবন, বন্ধুত্ব ও পরিবারের মতো এক সম্পর্ক।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় আলোচনা-জল্পনা তৈরি হয়। যদিও খোলাসা করা হয়নি তেমন একটা এতদিন। তবে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন লারিসা নিজেই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুম্বইয়ে আজিও লাক্স উইক-এন্ডে জার্মান ফ্যাশন ব্র্যান্ড স্টার্নহেগেনের নতুন কালেকশনের প্রদর্শনীতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই খান পরিবারের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, খানরা আমার পরিবারের মতো। জীবনে তারা যা অর্জন করেছেন, যেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষ হিসেবে তারা যেমন-এসব কিছুর জন্য তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।
একইসঙ্গে রয়েছে ভালো লাগা। এ কারণেই তাদের নিজের পরিবারের মতো মনে হয়। তাদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু। যা দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করে। লারিসাকে সামনে দেখা যাবে হরর সিনেমা ‘১৯২০: কোল্ড উইন্টার’-এ। ভৌতিক সিনেমার ভক্ত হওয়ায় ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও তিনি। লারিসা বলেন, একটি হরর সিনেমায় অভিনয় করছি। আমি খুবই আনন্দিত। ‘১৯২০: কোল্ড উইন্টার’ এ আমার ঠিক সেই ধরনের চরিত্র, যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। হরর সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে। ‘১৯২০’ ফ্র্যাঞ্চাইজির সবগুলো সিনেমাই দেখেছি। এমনকি সেগুলো দেখতে গিয়ে আমি নিজেও ভয় পেয়েছি।
এই অভিনেত্রীর শাহরুখ খানের প্রতিও রয়েছে মুগ্ধতা। তার ভাষ্য- তিনি কিং। একজন কিংবদন্তি এবং সবসময় এক নম্বর থাকবেন। তার কাছে শেখার আছে অনেক কিছু। বিষয়টি শুধু জনপ্রিয়তা কিংবা জীবনে কী অর্জন করেছেন, তা নিয়ে নয়; বরং কীভাবে এসব অর্জন করেছেন, সেটিও গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন মানুষ, যাকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়। আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ লারিসা। ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হওয়া আরিয়ানকে নিয়ে তিনি বলেন, আরিয়ান অসাধারণ। বুদ্ধিমান ও দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলেন, তার তো সবকিছুই আছে। কিন্তু সে এসব নিয়ে ভাবে না। সে নিজের চাওয়া, ভবিষ্যৎ এবং যে বিষয়গুলোতে বিশ্বাস করে, সেগুলোর জন্য লড়াই করছে। সে সফল হবে, কারণ সে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ।
আরিয়ানের পরিচালনায় কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন লারিসা। একবার সিরিজটির শুটিং সেটে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তার পরিচালনায় কাজ করতে চাই। তার মতো কাজে দক্ষ একজন পরিচালকের অধীনে কাজ করতে সবাই চাইবে। ভারতে ১৬ বছরের জীবন তাকে দেশটির সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে উল্লেখ করে লারিসা জানান, এখন ব্রাজিলের চেয়ে নিজেকে বেশি ভারতীয় মনে হয় তার। আরিয়ানসহ পরিচিতজনদের সহযোগিতা তার ভারতে থাকার পথ সহজ করেছে কি না, এমন প্রশ্নে লারিসা জানান, তার সহযোগিতার পরিসর কেবল একজনকে ঘিরে নয়। এখানে তার অনেক বন্ধু ও আপনজন রয়েছেন। বলেন, এখানে আমার পরিবার আছে। এমনকি ব্রাজিলের চেয়েও ভারতে আমার পরিবারের সদস্যের সংখ্যা বেশি।
