ইসরাইলকে ‘সব সময় যুদ্ধের মানসিকতা’ থেকে বেরিয়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। গাজায় হামাসকে নিরস্ত্র করার বিষয়ে ওয়াশিংটনের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়া বন্ধ করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করছেন গাজা পুনর্গঠন ও শান্তি পরিকল্পনার অন্যতম রূপকার কুশনার। জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডফনারের একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এর মাত্র দুই দিন আগে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কুশনার সতর্ক করে বলেন, গাজা নিয়ে ইসরাইল তার নীতি পরিবর্তন না করলে দেশটি ‘বিশ্বজুড়ে একঘরে রাষ্ট্রে’ পরিণত হওয়ার পথে এগোচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন নেতানিয়াহু। ঠিক তেমন এক সময়ে কুশনার এমন মন্তব্য করলেন। এ বিষয়ে হোয়াইট হাউসকে বোঝাতে চলতি মাসের শুরুতে নিজের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে নতুন করে সংঘাতের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা নীতি গ্রহণ করেছেন নেতানিয়াহু। এর আওতায় ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) দেশটির সীমানার বাইরেও বিস্তৃত সামরিক বাফার জোন বা নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করেছে। এতে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। কুশনার ইসরাইলের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনার পদ্ধতির তুলনা করেছেন।
ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা কুশনার বলেন, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা যখন ওয়াশিংটনে আসেন, তখন তারা সঙ্গে করে ১০০ জন ব্যবসায়ী নিয়ে আসেন এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেন। ইসরাইলের অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করে কুশনার বলেন, আঞ্চলিক অর্থনীতির সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হতে দেশটির এসব শক্তিকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোকে অগ্রাধিকার দেয়া উচিত। তিনি যুক্তি দেন, গাজা সংঘাতের শান্তিপূর্ণ সমাধান হলে ইসরাইল ও মিশর একসঙ্গে সিনাই উপদ্বীপে ডাটা সেন্টার নির্মাণ করতে পারে।
জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। ওই পরিকল্পনায় বলা হয়েছে, ইসরাইলি সেনারা গাজা থেকে পর্যায়ক্রমে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে হামাসও ধীরে ধীরে তাদের অস্ত্র সমর্পণ করবে। কিন্তু নেতানিয়াহু এই কাঠামো প্রত্যাখ্যান করেছেন। তার যুক্তি, ইসরাইলি সেনারা কোনো প্রত্যাহার শুরু করার আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে। এর ফলে গাজায় হামাসের পরিবর্তে দায়িত্ব নেয়ার কথা থাকা প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলোকে কার্যক্রম শুরু করতে দিচ্ছেন না নেতানিয়াহু। কার্যত এর মাধ্যমে গাজার অর্ধেক অংশে হামাসের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক নেসেট নির্বাচনের প্রচার চলাকালে এবং নির্বাচনের পরও রাজনৈতিক কারণে গাজায় তাদের উদ্যোগ বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহু।
বোর্ড অব পিসের স্থবির হয়ে পড়া উদ্যোগ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার নেতানিয়াহুকে ফোন করেন কুশনার। ফোনালাপ সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে বলা হয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই উদ্যোগে নেতানিয়াহুকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জবাবে নেতানিয়াহু বোর্ড অব পিসের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ইঙ্গিত দিয়েছেন বলে ওই ব্যক্তি জানিয়েছেন।
অ্যাক্সিওস সংবাদমাধ্যমের এক প্রতিবেদনেরও সত্যতা নিশ্চিত করেছেন তিনি। তবে ওই ব্যক্তি সতর্ক করে বলেছেন, অতীতেও নেতানিয়াহুর কাছ থেকে এ ধরনের আশ্বাস ও ইতিবাচক সংকেত পেয়েছে বোর্ড অব পিস। এবার তারা শুধু আশ্বাস নয়, বাস্তবে পদক্ষেপ দেখতে চায়। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজাকে পুনরায় স্থিতিশীল করার জন্য বোর্ড অব পিসের ২০ দফা পরিকল্পনা এগিয়ে নেয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ, ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি কেবল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
