পাবনার ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নথি জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগ, আর্থিক অনিয়ম এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন তদন্তে মিলেছে দুর্নীতির সত্যতা। প্রশ্ন রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শওকত আলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রধান শিক্ষক শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার সন্তান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ড. মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান। তার অভিযোগ, তদন্তে নথি জালিয়াতির সুস্পষ্ট তথ্য উঠে এলেও ব্যবস্থা গ্রহণে কালক্ষেপণ করা হচ্ছে। তিনি বলেন, আমি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিদ্যালয়ের সভাপতি ছিলাম। এই সময়ে নথি জালিয়াতির বিষয়টি জানা ছিল না। ২০২৪ সালে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরই শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করি।
তার অভিযোগ ও নথি বিশ্লেষণ করে দেখা যায়, প্রধান শিক্ষক শওকত আলী তিনজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভুয়া শাখা অনুমোদনের ফরম ব্যবহার করেছেন। যেটি ১৯৯৫-৯৬ সালের হলেও কম্পিউটারে কম্পোজ করা। অথচ ওই সময় বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার ছিল অত্যন্ত সীমিত। ফরমটি যে বিন্যাসে তৈরি ও ছাপানো হয়েছে, সেই প্রযুক্তি ২০০৮ সালের আগে প্রচলিত ছিল না। শওকত আলীর বিরুদ্ধে প্রধান শিক্ষক পদে নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ রয়েছে। ২০০৪ সালের অক্টোবরে প্রধান শিক্ষক পদে আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। ম্যানেজিং কমিটির সদস্যদের প্রভাবিত করে তিনি নিয়োগ লাভ করেন। এ-সংক্রান্ত অনিয়মের বিষয়ে মাউশি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তেও প্রমাণ মিলেছে। শিক্ষা মন্ত্রণালয় শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে তিনি হাইকোর্টে রিট করেন এবং ২০১৭ সালে স্থগিতাদেশ পান। এরপর মাউশি এ বিষয়ে আর কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
শওকত আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং নিজের স্ত্রীকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে। ভুয়া সনদ ও ভুয়া প্রার্থী দেখিয়ে নিয়োগ কমিটির কোরাম পূরণ করা হয়। প্রধান শিক্ষক নিজেই নিয়োগ কমিটিতে থেকে অত্যন্ত গোপনে স্ত্রী আঞ্জুমান আরাকে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে- অর্থ আত্মসাতেরও।
যোগদানের পর থেকেই একাধিকবার দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েন শওকত আলী। ২০০৯ সালে বিদ্যালয়ের অভ্যন্তরীণ, ২০১৩ সালে মাউশি (রাজশাহী), ২০১৭ সালে মাউশি, ২০১৮ সালে দুদক, ২০২০ সালে সিআইডি তদন্ত করে। ২০১৭ সালে শওকত আলীর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনও করেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই বছরে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। এই মামলায় দু’সপ্তাহ জেলহাজতে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে- ফারুক হোসেনকে ম্যানেজ করে কৌশলে মামলা প্রত্যাহার করিয়ে নেন শওকত আলী।
শওকত আলী ২০১২ সালে অনুমোদনের ভুয়া কাগজ তৈরি করে রেজাউল করিম ও বিএম গোলজার হোসেনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন। এটি রাজশাহী শিক্ষা বোর্ডের তদন্তেও প্রমাণিত হয়। ২০১৫ সালে পুনরায় তিনি ‘ভুয়া শাখায়’ একজন সহকারী শিক্ষক নিয়োগ দেন। এ ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কোচিং সেন্টার ও অনুমোদনহীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের ছাত্রী হিসেবে নিবন্ধনের অভিযোগ। মো. শওকত আলী যোগদানের সময় ২০০৪ সালে শিক্ষার্থী সংখ্যা ছিল ৯৮০ জন। ২০১৭ সালে সাময়িক বহিষ্কারের সময় শিক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ৩৪৫ জনে। তার অনুপস্থিতিকালীন বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। এ ছাড়াও সে সময় পাসের হার বৃদ্ধি, নতুন ভবন ও কম্পিউটার ল্যাব স্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাফল্য, বিজ্ঞান ও খেলাধুলায় পুরস্কার অর্জনসহ বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
নথি বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ১৫ই জুলাই তদন্ত প্রতিবেদনে মাউশি (রাজশাহী) জানায়- অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের সত্যতা মেলেনি। ২০২৫ সালের ১১ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে প্রধান শিক্ষক মো. শওকত আলীর অপরাধমূলক কার্যক্রম প্রমাণিত হয়েছে উল্লেখ করে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণপূর্বক বিভাগকে অবহিত করার জন্য নির্দেশ দেন। ওই দিনেরই আরেক দাপ্তরিক চিঠিতে বলা হয়, ভুয়াভাবে সৃজিত অতিরিক্ত শ্রেণি শাখার কার্যক্রম বাতিলসহ নিয়োগকৃত শিক্ষকদের বেতন ভাতাদি বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসে এই অবৈধ নিয়োগের ফলে সরকারের প্রায় দেড় কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
গত বছরের ২৭শে অক্টোবর মাউশি পুনরায় তদন্তের নির্দেশ দেয়। এতে স্বাক্ষর করেন সরকারি পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন। অভিযোগের বিষয়ে সরজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। প্রতিবেদনে তিনি দোষী সাব্যস্ত হন। এরপর কেটে গেছে বছরখানেক। এরপরও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত ২৮শে জুলাই মাউশি’র শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনরায় সরজমিন তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামত প্রেরণের নির্দেশ দেন।
বারবার দোষী সাব্যস্ত হওয়ার পরও ফের কেন তদন্ত- এই প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমেদ বলেন, পুনঃতদন্ত আইন অনুযায়ী হতে পারে। অন্যপক্ষ আপত্তি জানানোর কারণে আবারো তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন বলেন, এখানে কালক্ষেপণ বা দায়মুক্তির কোনো বিষয় বা সুযোগ নেই। আমরা চাই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে সঠিক তথ্যটা জানতে। মন্ত্রণালয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন এরপরও কেন কালক্ষেপণ- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিলাম। এ জন্যই মন্ত্রণালয়ের নির্দেশনার পরও তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। এরপর আবারো কেন তদন্তের নির্দেশ? জবাবে তিনি বলেন, নিশ্চিত হওয়ার জন্য। নিশ্চিত হওয়ার পরই আমাদের সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শওকত আলী মানবজমিনকে বলেন, অভিযোগগুলো সত্য নয়। প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য এসব অভিযোগ করছে।
